স্পেনের উত্তরাঞ্চলে একটি র্যালি রেসিং কার দ্রুতগতিতে রাস্তার পাশের দর্শকদের ভিড়ে ঢুকে পড়লে একজন গর্ভবতী নারীসহ ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয় কমপক্ষে ১৬ জন। খবর বিবিসি’র।
শনিবার উত্তর পশ্চিমাঞ্চলীয় ক্যারাল শহরে কার র্যালি চলার সময় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম জানায়, এ ঘটনায় র্যালিটি বাতিল করা হয়। এতে ১৪০ জন অংশ নিয়েছিল।
স্প্যানিশ টেলিভিশনের একটি ভিডিও ব্রডকাস্টে গাড়িটি ছিটকে পড়ে। এ সময় চারদিক ধূলায় ঢেকে যায়।
সিভিল গার্ড পুলিশ বাহিনীর মুখপাত্র বলেন, স্থানীয় সময় রাত ৮টার দিকে (গ্রিনিচ মান সময় ১৮০০) রেসে অংশ নেয়া একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে বেশ কয়েকজন দর্শককে চাপা দেয়।
তিনি আরো বলেন, এই ঘটনায় চার নারী ও এক পুরুষ মারা গেছেন বলে আমরা নিশ্চিত হয়েছি। এদের মধ্যে একজন গর্ভবতী নারী ছিলেন।
তিনি জানান, এই ঘটনায় প্রায় ১৬ জন আহত হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে অন্তত দু’জনের অবস্থা গুরুতর। মুখপাত্র বলেন, কর্তৃপক্ষ এই দুর্ঘটনার তদন্ত করছে।
স্পেনের গণমাধ্যম জানিয়েছে, আহতদের মধ্যে একাধিক শিশু রয়েছে। এই ঘটনায় গাড়ির চালকরা আহত হয়নি বলে জানা গেছে।