লতিফ সিদ্দিকীর আসন শূন্য ঘোষণা করে গেজেট

আওয়ামী লীগ থেকে বহিষ্কার হওয়া আবদুল লতিফ সিদ্দিকী সংসদ সদস্যের পদ থেকে ইস্তফা দেয়ায় টাঙ্গাইল-৪ আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সংসদ সচিবালয়। রবিবার গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশনে পাঠিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।
 
হজ নিয়ে মন্তব্য করে মন্ত্রিত্ব ও আওয়ামী লীগের সদস্যপদ হারানো আবদুল লতিফ সিদ্দিকী আকস্মিকভাবে সংসদে গিয়ে ১৫ মিনিটের এক বক্তৃতা দিয়ে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন গত ১ সেপ্টেম্বর।
 
উল্লেখ্য, গত বছর ২৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরের সময় নিউ ইয়র্কে টাঙ্গাইল সমিতির এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, আমি কিন্তু হজ আর তাবলিগ জামাত দুটোর ঘোরতর বিরোধী। আমি জামায়াতে ইসলামীর যতটা বিরোধী, তার চেয়ে বেশি হজ আর তাবলিগের বিরোধী।
 
এর পর তার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর শোরগোল ওঠে। তাকে গ্রেফতার এবং মন্ত্রিসভা থেকে বাদ দেয়ার দাবি তোলে কট্টর ইসলামী বিভিন্ন সংগঠন। এক পর্যায়ে আওয়ামী লীগ নেতাদের মধ্য থেকে একই দাবি ওঠে। 
 
তখন প্রধানমন্ত্রীও নিউ ইয়র্কে ছিলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেয়ার জন্য।
 
বিভিন্ন মহলের দাবির মুখে গত বছর অক্টোবরেই লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেন শেখ হাসিনা। একই মাসে তাকে দল থেকেও বহিষ্কার করা হয়।