লক্ষ্মীপুরের রামগঞ্জে ৬ নম্বর শেখপুরা ওয়ার্ডের ইউপি সদস্য আবদুর রহিমসহ তিনজনকে শনিবার রাত সাড়ে ৯টায় মাদকদ্রব্যসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের রবিবার সকালে লক্ষ্মীপুর আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের শেখপুরা হাজী বাড়ির মৃত মুজিবল হকের ছেলে স্থানীয় মেম্বার আবদুর রহিম দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছেন।
রামগঞ্জ থানার নবাগত ওসি যোগদানের পর এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে এস আই মিজান তার সঙ্গীয় ফোর্স নিয়ে ১৭০ পিচ ইয়াবা, ৩কেজি গাঁজা ও ৮টি ফেনসিডিলসহ রহিমকে হাতেনাতে গ্রেফতার করেন। এ সময় মাদক কেনার অভিযোগে সাউদেরখিল গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আব্দুল রহিম (৩৫), সাতারপাড়া গ্রামের হারুনুর রশিদের ছেলে রাসেদুল ইসলামকে (৩০) আটক করা হয়। পরে তাদেরকে আসামি করে রামগঞ্জ থানার এসআই মো. কাউছারুজ্জামান বাদি হয়ে মাদকদ্রব্য আইনে মামলা করে গ্রেফতার দেখানো হয়েছে।
রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. তোতামিয়া জানান, মেম্বার রহিমের কাছ থেকে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।