গাইবান্ধার সাঘাটায় বন্যা পরিস্থিতি আরও অবনতির দিকে এগোচ্ছে। পানিবন্দী মানুষের মধ্যে বাড়ছে দুর্ভোগ। ফসলের ক্ষতির আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।
টানা বর্ষণ ও উজান থেকে পাহাড়ী ঢল নেমে আসা অব্যহত থাকায় উপজেলার উপর দিয়ে প্রবাহিত যমুনা, আলাই ও বাঙ্গালী নদীর পানি আরও ফুঁসে উঠেছে। ফলে উপজেলার হলদিয়া, ঘুড়িদহ, জুমারবাড়ী, কামালের পাড়া, পদুমশহর, কচুয়া, বোনার পাড়া, ভরতখালী ও সাঘাটা ইউনিয়নের সবকয়টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে শাক-সবজি, আমনের বীজতলাসহ ১০ সহস্রাধিক হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। গত ৭দিন যাবৎ ফসল পানির নিচে থাকায় হতাশায় পড়েছেন কৃষকরা।
বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পূর্বদিকের এলাকার বেশিভাগ ঘরে হাটু থেকে বুক পর্যন্ত পানি উঠেছে। টিউবওয়েল ডুবে যাওয়া বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। এছাড়া ১টি উচ্চ বিদ্যালয়, ১টি মাদ্রাসা ও ২৪টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। গ্রামীন কাঁচা-পাকা সড়ক পানির নিচে ডুবে যাওয়ায় মানুষের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছন্ন হয়ে পড়েছে। লোকজনের হাট-বাজারের যাতায়াত বন্ধ হয়ে গেছে। এলাকায় দেখা দিয়েছে গবাদি পশুর খাবারের সংকট।