কেন্দ্রীয় চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হলেন মালিক-আজহার

 পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে খেলোয়াড়দের নতুন চুক্তির আওতায় সাবেক অধিনায়ক শোয়েব মালিক এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছেন। এর আগে জানুয়ারিতে ছয় মাসের চুক্তির তালিকা থেকে বাদ পড়েছিলেন ৩৩ বছর বয়সী এই অল রাউন্ডার।

 

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ ছাড়াও সাম্প্রতিক কালের বেশ কিছু পারফরমেন্সের বিচারের মালিকের সাথে চুক্তির উন্নতি করেছে পিসিবি। একইসাথে এই ক্যাটাগরিতে আরো অন্তর্ভূক্ত হয়েছেন সদ্য ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব পাওয়া আজহার আলী।


এ’ ক্যাটারগরিতে আগে থেকেই রয়েছেন টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হক, মোহাম্মদ হাফিজ, ইউনিস খান ও টি২০ অধিনায়ক শহীদ আফ্রিদী। তবে অবৈধ বোলিং এ্যাকশনের কারনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ স্পিনার সাইদ আজমলের চুক্তির অবনতি হয়েছে। নতুন চুক্তির আওতায় আজমলকে এ’ থেকে বি’ ক্যাটারগরিতে নামিয়ে দেয়া হয়েছে। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেব্রুয়ারিতে মাঠে ফিরলেও কাঙ্খিত পারফরমেন্স দেখাতে না পারায় আজমল পিসিবিকে সন্তুষ্ট করতে পারেননি। গত মে মাস থেকে তিনি জাতীয় দলের বাইরে রয়েছেন।


পিসিবি’র এক বিবৃতিতে বলা হয়েছে চারটি ক্যাটাগরিতে সর্বমোট ২৭জন খেলোয়াড়কে চুক্তির আওতায় আনা হয়েছে। তালিকাভূক্ত খেলোয়াড়রা মাসিক বেতনের পাশাপাশি ম্যাচ ফি পাবে। এছাড়া ম্যাচ জয়ী বোনাস ও পারফরমেন্স বোনাস তো রয়েছেই।


পিসিবি এবং খেলোয়াড়দের মধ্যে সমঝোতা নিয়ে বিরোধের জেড় ধরে গত দুই মাস ধরে চুক্তির ঘোষণা বন্ধ রেখেছিল পিসিবি। একমাত্র খেলোয়াড় হিসেবে এবারের চুক্তি থেকে বাদ পড়েছেন ফাস্ট বোলার উমর গুল। ইনজুরির কারণে এপ্রিল থেকে তিনি মাঠের বাইরে রয়েছেন। পূর্বের চুক্তিতে তিনি বি’ ক্যাটাগরিতে ছিলেন। বাসস