নারায়ণঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর থেকে অপহৃত শিশু সাব্বিরকে চাঁদপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকালে জেলার মতলব উপজেলার কলাকান্দা গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত নারীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা সম্পর্কে মা-ছেলে।
সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, ২১ আগস্ট বিকেলে কাঁচপুর সেনপাড়া গ্রামের মোকসেদ আলীর ছেলে সাব্বির (৩) বাড়ির পাশে খেলা করছিল। এ সময় দুর্বৃত্তরা শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে ২২ অগাস্ট সাব্বিরের বাবা মোকসেদ আলী বাদী হয়েঅভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ দেশের বিভিন্ন স্থানে সাব্বিরের ছবিসহ বার্তা পাঠিয়ে দেয়। রবিবার সকালে চাঁদপুরের মতলব উপজেলার কলাকান্দা গ্রামে অভিযান চালিয়ে শিশু সাব্বিরকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত দুই মা-ছেলেকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মঞ্জুর কাদের পিপিএম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।