মালয়েশিয়া উপকূলে অভিবাসীবাহী নৌডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫০ হয়েছে। দুর্ঘটনার তিনদিন পর আরো ৩৫ ইন্দোনেশীয় অভিবাসীর লাশ উদ্ধার করা হয়েছে।
এদিকে শুক্রবার বিকেলে একজন জীবিত অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। একদিনেরও বেশি পানিতে থাকার পরও ওই ব্যক্তি সুস্থ রয়েছেন বলে জানা গেছে। মালয়েশিয়ার মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস হামদান বলেন, শুক্রবার থেকে আরো ৩৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আগামী কয়েকদিনে আরো লাশ পাওয়া যাবে বলে আমরা মনে করছি।
তিনি জানান, উদ্ধার অভিযান আরো তিনদিন অব্যাহত থাকবে। ছোট নৌকাটিতে ৮০ জনের মতো ছিল ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, বৃহস্পতিবার মালয়েশিয়ার উপকূলীয় সেলাঙ্গর রাজ্যের ১৬ কিলোমিটার দূরে উত্তাল সাগরে কাঠের তৈরি নৌকাটি ডুবে যায়।
এসব অভিবাসী মালাক্কা প্রণালি দিয়ে মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়ায় ফিরে যাচ্ছিলো। সূত্র: এএফপি