সানায় সৌদি জোটের ব্যাপক বিমান হামলা

 
সৌদি আরবের নেতৃত্বাধীন জোট ইয়েমেনের রাজধানী সানায় ব্যপক বিমান হামলা চালিয়েছে। বিদ্রোহীদের ক্ষেপনাস্ত্র হামলায় ৬০ জন উপসাগরীয় সৈন্য নিহত হওয়ার একদিন পর এই বিমান হামলা চালানো হল। খবর- আলজাজিরার।
 
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার জোটবাহিনীর যুদ্ধ বিমানগুলো শিয়া হুতি বিদ্রোহীদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যপক বোমা বর্ষণ করে। সানার দক্ষিণে প্রেসিডেন্টের বাসভবনের আশপাশের এলাকাগুলো লক্ষ্য করেও এসময় বোমা বর্ষণ করা হয়। তবে হতাহতের সংখ্যা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
 
দেশটির পূর্বাঞ্চলীয় তেল সমৃদ্ধ রাজ্য মারিব-এ হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত ৬০ জনের মধ্যে ৪৫ জনই সংযুক্ত আরব আমিরাতের। ১৯৭১ সালে আরব আমিরাত গঠিত হওয়ার পর এটাই দেশটির জন্য সবচেয়ে বড় হতাহতের ঘটনা। নিহত সেনাদের লাশ শনিবার এসে পৌঁছে। এই ঘটনায় তিনি দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে দেশটি।
 
শুক্রবারের একটি অস্ত্র গুদামে বিদ্রোহীদের ক্ষেপনাস্ত্র হামলায় ৪৫ জন আমিরাতি সেনার সঙ্গে ১০ জন সৌদি ও পাঁচ জন বাহারাইনের সেনাও নিহত হয়।