সমাজ কল্যাণ মন্ত্রীর জন্য দোয়া কামনা পরিবারের

 
সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিত্সা চলছে। তার সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।
মন্ত্রীর সঙ্গে থাকা তার ছোট মেয়ে সাবরিনা শারমিন পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে এ কামনা করেন।
 
রবিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান জানান—মন্ত্রীর শারীরিক অবস্থা আগের চেয়ে একটু ভালো। এখন হাত-পা নাড়াচাড়া করছেন। তবে তিনি এখনো লাইফ সাপোর্টে আছেন।
 
সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালের চিকিত্সকদের বরাত দিয়ে তিনি বলেন, মন্ত্রীকে পর্যাবেক্ষণে রাখা হয়েছে।
 
শনিবার মন্ত্রীকে এয়ার এ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করানোর কথা থাকলেও সিঙ্গাপুরে পৌঁছে পারিবারিক সিদ্ধান্তে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
 
সমাজ কল্যাণ মন্ত্রী গত ৩ সেপ্টেম্বর ভোরে হঠাত্ অসুস্থ হয়ে পড়েন। ওই সময় মন্ত্রী নিজেই ড্রাইভারকে ডেকে রাজধানীর শাহাবাগ বারডেম হাসপাতালে যান। কর্তব্যরত চিকিত্সকরা তাকে আইসিইউতে রাখার ব্যবস্থা করেন। গত ৩ ও ৪ সেপ্টেম্বর বারডেম হাসপাতালে আইসিইউতে তার অবস্থার উন্নতি না হলে গত ৫ সেপ্টেম্বর দুপুর ১২টায় মন্ত্রীকে সিঙ্গাপুরে নেয়া হয়। সিঙ্গাপুরে মন্ত্রীর সঙ্গে তার স্ত্রী সৈয়দা সায়রা মহসিনও রয়েছেন।