সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর পেনশন প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল মো. জাকির হোসেন। প্রধান বিচারপতির আদেশক্রমে গত ২ সেপ্টেম্বর দেয়া সর্বশেষ চিঠিতে এই তথ্য জানানো হয়।
এর আগে ২৫ আগস্ট দেয়া চিঠিতে অপেক্ষমাণ আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের নিষ্পত্তিকৃত মামলার রায় স্বাক্ষরকরণ সম্পন্ন না হওয়া পর্যন্ত তার পেনশন প্রদান সংক্রান্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না বলে জানানো হয়েছিল।
তবে বিচারপতি চৌধুরীকে দেয়া সর্বশেষ চিঠিতে বলা হয়—প্রধান বিচারপতি মহোদয় কর্তৃক নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, ইতপূর্বে গত ১৮ আগষ্ট এক পত্রের সাথে সংযুক্ত তালিকায় বর্ণিত যে সকল মামলাসমূহের ‘অথর জাজ’ হিসেবে রায় প্রস্তুতের জন্য এবং আপিল বিভাগের অন্যান্য বিচারপতি মহোদয়গণ কর্তৃক প্রস্তুতকৃত রায় এবং আদেশে কেবল স্বাক্ষরের জন্য মহোদয়ের নিকট অপেক্ষমাণ রয়েছে, সেগুলো দ্রুত রায় প্রস্তুতকরণ ও স্বাক্ষরিত হওয়া প্রয়োজন। তন্মধ্যে হাইকোর্ট বিভাগের পেন্ডিং মামলাসূমহ রায় ইতমধ্যে লেখা এবং স্বাক্ষরিত হয়েছে মর্মে প্রধান বিচারপতি অবহিত হয়েছেন। তবে যে সকল মামলাগুলো কেবল স্বাক্ষর প্রদানের জন্য মহোদয়ের নিকট পেন্ডিং রয়েছে, সেগুলো দ্রুত স্বাক্ষর করে ‘অথর জাজ’ মহোদয়ের নিকট প্রেরণ করার জন্য নির্দেশক্রমে বিণীত অনুরোধ করা হলো।