ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছে। রবিবার সকালে দেশের দ্বিতীয় বৃহত্তম শহর রিও ডি জেনিরোর কাছে পারাটিতে এ দুর্ঘটনা ঘটে।
পারাটির দমকল বিভাগের একজন প্রতিনিধি জানায়, পারাটি উপকূলীয় পর্যটন কেন্দ্র থেকে ট্রিনডেড জেলায় যাওয়ার সময় একটি বাস উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। বাসটি পরিচালনাকারী কোম্পানী হচ্ছে ট্রাফিকো কোলিটুর। আহতদের চিকিৎসার জন্য পারাটির সাও পেড্রো ডি আলকান্ট্রা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে পুলিশ। তবে স্থানীয় গণমাধ্যমকর্মীরা জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
-এএফপি