অজ্ঞান পার্টির খপ্পরে অসুস্থ গরু ব্যবসায়ীর মৃত্যু

রাজশাহীতে হোটেলে নাস্তার পর টিস্যু দিয়ে মুখ মুছতে গিয়ে অজ্ঞান হয়ে পড়া গরু ব্যবসায়ীদের মধ্যে জজ মিয়া (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। 
 
তার বাড়ি নরসিংদী জেলার শিবপুর উপজেলা সদরের শিবপুর গ্রামে। তিনি ওই গ্রামের ফজলুর রহমানের ছেলে। 
 
সোমবার ভোর ৫টার পর রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
তার লাশ পুলিশ হেফাজতে রামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
 
রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, সিটি বাইপাস পশুহাটে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অসুস্থ ৩০ জনের মধ্যে একজন মারা গেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 
উল্লেখ্য, রবিবার সকালে রাজশাহী সিটি বাইপাস পশুহাটের কাছে হোটেলে খাবার খেয়ে টিস্যু দিয়ে মুখ মুছার পরই অজ্ঞান হয়ে পড়েন ৩০ জন গরু ব্যবসায়ী। অসুস্থদের কয়েকজন ব্যবসায়ীকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।