আগামীকাল ওয়েম্বলিতে অনুষ্ঠিতব্য সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতার আসনটি নিজের দখলে নেয়ার প্রত্যাশা করছেন ইংল্যান্ড ফুটবল অধিনায়ক ওয়েইন রুনি।
ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি দীর্ঘ ৪৫ বছর ধরে একাই দখল করে রেখেছিলেন কিংবদন্তী ববি চার্লটন। গত শনিবার স্যান ম্যারিনোর বিপক্ষে জাতীয় দলের ইউরো বাছাইয়ের ম্যাচে ক্যারিয়ারের ৪৯তম গোলটি করে চার্লটনের পাশে বসেছেন রুনি।
চার্লটনের রেকর্ডে ভাগ বসাতে ২৯ বছর বয়সী রুনির ১০৬ ম্যাচে অংশ নিতে হয়েছে। ম্যাচ সংখ্যার দিকে বিবেচনা করলে রুনি চার্লটনের চেয়ে পিছিয়ে রয়েছেন।
১৯৬৮ সালের মে মাসে এই ওয়েম্বলিতেই জিমি গ্রেভেসের ৪৪ গোলেররেকর্ড অতিক্রম করেছিলেন চার্লটন। ১৯৭০ সালের মে মাসে বোগোটায় কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে ক্যারিয়ারের ৪৯তম গোল আদায় করেন তিনি।
সর্বশেষ গ্যারি লিনেকার ৪৮টি গোল করে চার্লটনের রেকর্ডের কাছে পৌছে গিয়েছিলেন। রুনি বলেন, শনিবার যদি রেকর্ডটি গড়তে পারতাম তাহলে সেটি হতো অনন্য। তবে ঐতিহ্যবাহী ওয়েম্বলিতে এই রেকর্ডটি ভাঙ্গতে পারাটা হবে আরো অসাধারণ।
ববি চার্লটনের সঙ্গে নিজের স্মৃতিচারণ করে তিনি বলেন ১৮ বছর বয়সে আমি যখন ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিই, তখন স্যার ববি ড্রেসিং রুমে এসে সবার সঙ্গে কথা বলতেন। বিশেষ করে আমার সঙ্গে তিনি মত বিনিময় করতেন। আমি নিশ্চিত এই রেকর্ড যদি ভাঙ্গতে পারি তাহলে তিনিই সবচেয়ে বেশি খুশি হবেন। এই রেকর্ড গড়ার জন্য আমি উদগ্রীব হয়ে আছি। বাসস