কঙ্গোর গোলযোগপূর্ণ পূর্বাঞ্চলে সপ্তাহান্তে উগান্ডার বিদ্রোহীদের হামলায় অন্তত ৭ বেসামরিক লোক নিহত হয়েছেন। রবিবার এক আঞ্চলিক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি’কে এ কথা জানান।
তবে স্থানীয় এনজিও এ ঘটনায় ৯ জন নিহত হওয়ার কথা জানিয়ে বলে, 'তাদের অধিকাংশকেই ম্যাচাটি (এক ধরনের বড় ছুরি) দিয়ে হত্যা করা হয়েছে।'
কর্মকর্তারা জানান, শনিবার গোলযোগপূর্ণ প্রদেশ নর্থ কিভুর উত্তরাঞ্চলের এমবাউয়ের কাছে এ হামলা চালানো হয়। বেনির আঞ্চলিক রাজধানীর শীর্ষ কর্মকর্তা আমিসি কালোন্দা বলেন, ‘আমরা মোট সাতটি মৃতদেহ পেয়েছি। উগান্ডান অ্যালিড ডেমোক্র্যাটিক ফোর্স (এডিএফ)-এর হুমকির কারণে যে এলাকা থেকে অনেক মানুষ পালিয়ে গেছে, সেখানেই হামলাটি চালানো হয়েছে।'
গত দশ মাসে এডিএফ চার শতাধিক গ্রামবাসীকে হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে।
-বাসস