নড়াইলে একটি বালিকা বিদ্যালয়ের নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত অশোক কুমার রায় (৫৮) জেলার সদর উপজেলায় কৃষ্ণলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নৈশপ্রহরী ছিলেন।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কলোড়া ইউনিয়নের রামনগরচর গ্রামের একটি খাল থেকে লাশ উদ্ধার করা হয়।
অশোক রায় রামনগরচরের পঞ্চানন রায়ের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার রাত ১০টার দিকে স্থানীয় একজন ইউপি সদস্য অশোক রায়কে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। অশোক রায় ১৫-১৬ বছর ধরে কৃষ্ণলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নৈশপ্রহরী হিসেবে নিয়োজিত ছিলেন। ওই স্কুলে দফতরি পদে নিয়োগ নিয়ে ঝামেলা চলছিল। এ কারণেও খুনের ঘটনা ঘটতে পারে বলে দাবি করেছে তার পরিবার।
বিছালী পুঁলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন জানান, এলাকাবাসী খালে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের ঘাড়ে কোপের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।
এসআই মহিউদ্দিন আরো জানান, কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা তদন্ত করা হবে।