একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের অপেক্ষায় রয়েছে।
সাঈদীকে ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড রায়ের বিষয়ে আনা আপিলের রায়ে আমৃত্যু কারাদণ্ড, মুজাহিদ এবং সালাউদ্দিন কাদেরের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় ঘোষণা করে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিল মামলার পূর্ণাঙ্গ রায় পেলে তার মৃত্যুদণ্ডের রায় পুনর্বহালের আরজি জানিয়ে রিভিউ আবেদন করা হবে।
তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে এ পর্যন্ত পাঁচটি মামলার নিষ্পত্তি হলেও এখন পর্যন্ত তিনটি মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়নি। এর মধ্যে অচিরেই দেলাওয়ার হোসাইন সাঈদী, মুজাহিদের মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আনা পাঁচটি মামলা এ পর্যন্ত সুপ্রিমকোর্টে আপিলে নিষ্পত্তি হয়েছে। আপিলের প্রথম রায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার আপিল নিষ্পত্তির পর ২০১৩ সালের ১৭ সেপ্টেম্বর যাবজ্জীবন সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ডাদেশ দেয় আপিল বিভাগ। এর রিভিউ আবেদনও খারিজ করে দেয় আপিল বিভাগ। এরপর ঐ বছর ১২ ডিসেম্বর কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। গত বছর ১৭ সেপ্টেম্বর আপিলের দ্বিতীয় রায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ট্রাইব্যুনালে দেয়া সাজা মৃত্যুদন্ড থেকে কমিয়ে তাকে আমৃত্যু কারাদন্ড দেয় আপিল বিভাগ। এ রায়ের পূর্ণাঙ্গ কপি এখনো প্রকাশিত হয়নি।
আপিলের তৃতীয় রায়ে জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানকে ট্রাইব্যুনালে দেয়া ফাঁসির দন্ডাদেশ বহাল রাখা হয়। ফাঁসির দন্ড বহাল রাখার রায়ের বিরুদ্ধে কামারুজ্জামানের রিভিউ (পুর্নবিবেচনা) আবেদনও খারিজ করে রায় দেয় সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। গত ১১ এপ্রিল শনিবার রাতে এ ফাঁসি কার্যকর করা হয়। ট্রাইব্যুনালে দণ্ডিতদের মধ্যে কামারুজ্জামান হলেন দ্বিতীয় ব্যক্তি যার ফাঁসির রায় কার্যকর করা হলো।
গত ১৬ জুন জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিলের চূড়ান্ত রায়েও মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেয় আপিল বিভাগ। এখন মুজাহিদের মামলায় আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের অপেক্ষায় রয়েছে। গত ২৯ জুলাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে রায় ঘোষণা করেছে আপিল বিভাগ। এ মামলায়ও আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের অপেক্ষায় রয়েছে।
সাঈদী, মুজাহিদ ও সাকা চৌধুরীর আইনজীবীরা জানান, পূর্ণাঙ্গ রায় পেলে তারা রিভিউর আবেদন করবেন।-বাসস।