গৃহকর্মী নির্যাতনের অভিযোগে ক্রিকেটার শাহাদাত হোসেন ও তার স্ত্রী নৃত্যর বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার শাহাদাত হোসেন নামে এক ব্যক্তি বাদী হয়ে মিরপুর থানায় এই মামলা করেন।
মিরপুর থানার ওসি ভূঁইয়া মাহবুবুর রহমান জানিয়েছেন, নারী ও শিশু নির্যাতন আইনে মামলাটি করা হয়েছে। বাসায় গিয়ে শাহাদাত হোসেনকে পাওয়া যায়নি।
এর আগে রবিবার বাংলাদেশ ক্রিকেট দলের পেস বোলার শাহাদাত হোসেনের বিরুদ্ধে শিশু গৃহকর্মীকে মারধর করে গুরুতর আহতাবস্থায় রাস্তায় ফেলে দেয়ার অভিযোগ ওঠে। গৃহকর্মীর নাম মাহফুজা আক্তার হ্যাপী (১১)।
রাত আটটার দিকে রাজধানীর কালশী থেকে পল্লবী থানা পুলিশ ঐ গৃহকর্মীকে উদ্ধার করে। তবে বিকালে শাহাদাত মিরপুর থানায় তার বাসার কাজের মেয়ে হারিয়েছে বলে একটি সাধারণ ডায়েরি করেন।
পল্লবী থানার এসআই আনোয়ার জানান, মেয়েটিকে গুরুতর আহতাবস্থায় রাস্তায় দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ গিয়ে মেয়েটিকে উদ্ধার করে। ক্রিকেটার শাহাদাতই তাকে মারধর করেছে বলে মেয়েটি পুলিশকে জানিয়েছে।
তিনি আরো জানান, রবিবার বিকালে শাহাদাত হোসেন মিরপুর থানায় গিয়ে তার বাসার গৃহকর্মী হারিয়েছে বলে একটি সাধারণ ডায়েরি করেন।