নাজমুল হুদা ও মুফতি শহিদুলের খালাসের রায় বাতিল

 
অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা ও ইসলামী ঐক্য জোটের একাংশের নেতা মুফতি শহিদুল ইসলামকে খালাস সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে দিয়েছে আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এই আদেশ দেয়।
 
রায় বাতিলের পাশাপাশি নিম্ন আদালতের সাজার রায়ের বিরুদ্ধে তাদের করা আপিল হাইকোর্টে পুনঃশুনানির জন্য নির্দেশ দেয়া হয়েছে।
 
বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে জ্ঞাত আয় বহিভূর্ত সম্পদ অর্জনের অভিযোগে ব্যারস্টার নাজমুল হুদাকে ১২ বছর ও মুফতি শহিদুল ইসলামকে ১০ বছর সাজা দেয় নিম্ন আদালত। এই সাজার রায়ের বিরুদ্ধে তারা হাইকোর্টে আপিল করে। হাইকোর্ট সাজা বাতিল করে তাদের খালাস দেয়। এই খালাসের রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) আপিল করে। শুনানি শেষে আজ হাইকোর্টের রায় বাতিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
 
দুদকের পক্ষে অ্যাডভোকেট খুরশিদ আলম খান শুনানি করেন।