নুরুল আমিন হত্যা সন্দেহে আসামি আটক

গাংনীর আওয়ামী লীগ নেতা নূরুল আমিন হত্যা মামলার সন্দেহে বিএনপি নেতা আবুল কালাম আজাদ স্বপনকে আটক করেছে সিআইডি। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে বাঁশবাড়িয়া থেকে আটক করা হয়। আবুল কালাম আজাদ স্বপন বাঁশবাড়িয়া বিজনেস অ্যাণ্ড টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ এবং ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
 
সিআইডির মেহেরপুর অঞ্চলের পরিদর্শক আসাদ আহমেদ জানান, ২০১৩ সালের ২৪ ডিসেম্বর রাতে গাংনী পৌর আওয়ামী লীগের ১নং ওয়ার্ড বাঁশবাড়িয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন খুন হয়। সন্ত্রাসীরা তাকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ঈদগাহ সামনে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। এ ঘটনায় নুরুল আমিনের বড় ভাই শামীম আহমেদ বাদি হয়ে অজ্ঞাত সন্ত্রাসীদের নামে ২৫ ডিসেম্বর গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘদিন মামলাটি গাংনী থানা পুলিশ তদন্ত করার পর বাদির আবেদনের প্রেক্ষিতে গত আগস্ট মাসের প্রথম দিকে সিআইডিতে হস্তান্তর করার নির্দেশ দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। মামলাটির দীর্ঘ তদন্তে বিএনপি নেতা আবুল কালাম আজাদের নাম ওঠে আসায় তাকে আটক করা হয়েছে।
 
এদিকে অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপনের স্ত্রী ফারহানা নাজনীন মুক্তি জানান, নুরুল আমিন হত্যার সময় আমার স্বামী ঢাকাতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। এ হত্যকাণ্ডের ব্যাপারে তিনি নির্দোষ। রাজনৈতিকভাবে তাকে এ হত্যা মামলায় জড়ানো হয়েছে। তিনি তার স্বামীর মুক্তি দাবি করেছেন।