সিরাজগঞ্জে হত্যার দায়ে ১৪ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষক হত্যা মামলায় নারীসহ ১৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 
 
সোমবার দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক-১ ড. ইমান আলী এই রায় প্রদান করেন। 
 
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার পুঠিয়া গ্রামের মৃত জুব্বার আলীর ছেলে ফজলুল হক (৪৫), ফজলুল হকের স্ত্রী মর্জিনা খাতুন (৪০), মৃত পোটল আলীর ছেলে আব্দুল কুদ্দুস (৫০), আব্দুল কুদ্দুসের ছেলে আশরাফুল ইসলাম (২৭), বেল্লাল হোসেনের ছেলে আমিনুল ইসলাম (২৭), ফজলুল হকের ছেলে আব্দুল মোমিন (১৮), রহমান মন্ডলের ছেলে বিশা মন্ডল (৩০), মৃত বারু মন্ডলের ছেলে বাবর আলী (৫০), হায়দার আলীর ছেলে রেজাউল করিম (২২), আবু তাহেরের ছেলে শামসুল আলম (৪০), মৃত বারু মন্ডলের ছেলে বেল্লাল হোসেন (৪৮), মৃত দারু মন্ডলের ছেলে বাবলু মন্ডল (৪৫), মৃত ইসহাক আলীর ছেলে হায়দার আলী (২৮) ও বাবর আলীর ছেলে আয়নাল হক (২৫)। 
 
আদালত সূত্রে জানা গেছে, পুঠিয়া গ্রামের কৃষক নুরুল ইসলামের সঙ্গে জমি সংক্রান্ত জের ধরে আসামিদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ২০১২ সালের ২৮ জুন দুপুরে নুরুল ইসলামের সঙ্গে তর্ক বিতর্কের এক পর্যায়ে আসামিরা কুপিয়ে তাকে হত্যা করে লাশ ফেলে সকলে পালিয়ে যায়। একই দিন রাতে নিহতের ছেলে তোফায়েল হোসেন রাসেল বাদী হয়ে উল্লাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশীট প্রদান করে। দীর্ঘ শুনানি শেষে সোমবার আসামিদের উপস্থিতিতেই উল্লেখিত রায় প্রদান করে আদালত।
 
মামলাটি সরকার পক্ষে পরিচালনা করেন এপিপি অ্যাড. সিরাজুল ইসলাম ও আসামি পক্ষে পরিচালনা করেন অ্যাড. গোলাম হায়দার।