পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

রাজশাহীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার নগরীর উপকণ্ঠ কাটাখালি পৌরসভার হাজরাপুকুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো, ব্যবসায়ী রিয়াজুল ইসলামের কন্যা কলি (৮) ও প্রবাসী হাবিবুর রহমানের পুত্র শুভ (১২)। তারা সম্পর্কে খালাতো ভাইবোন।
 
জানা গেছে, বেলা ১১টার দিকে বাড়ির পাশের পুকুরে কলি ও শুভ গোসল করতে যায়। প্রথমে কলি সাঁতার কেটে পুকুরের মাঝে চলে যায়। কিন্তু সে ফিরে আসতে না পারায় শুভ তাকে উদ্ধারে সাঁতরে পুকুরের মাঝে চলে যায়। কিন্তু সেও ডুবে যায়। অনেক খোঁজাখুজির পর দুপুর একটার দিকে পুকুর থেকে প্রথমে কলির এবং দেড়টার দিকে শুভর লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
 
নগরীর মতিহার থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায়  ইউডি মামলা হয়েছে। পরিবারের আপত্তি না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।