গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ‘সবার জন্য বাসস্থান নিশ্চিত করতে বর্তমান সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে।’ সোমবার সংসদে সরকারি দলের মমতাজ বেগমের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মোশাররফ হোসেন বলেন, ‘রাজউক ঢাকা মহানগরীর নিম্নমধ্যবিত্ত শ্রেণির এবং নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা নিরসনকল্পে পরিকল্পিত আবাসিক প্রকল্প গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে।’ তিনি জানান, এ প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- পূর্বাচল নিউ টাউন প্রকল্প, উত্তরা, ৩য় পর্ব আবাসিক প্রকল্প ও ঝিলমিল আবাসিক প্রকল্প।
মন্ত্রী বলেন, ‘সবার জন্য বাসস্থান নিশ্চিতকরণ এবং পরিকল্পিত নগরায়নের জন্য রাজধানী, জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ সমপ্রতি প্রায় ৫০টি প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে ১০টি প্রকল্প সমাপ্ত হয়েছে এবং বাকি ৪০টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এ সব প্রকল্প বাস্তবায়নের ফলে প্রায় ৪ হাজার আবাসিক প্লট এবং ৫ হাজার ফ্ল্যাট নির্মাণ করা হবে।’
খবর বাসসের।