বার কাউন্সিলের ফল চ্যালেঞ্জ করে রিট আবেদন খারিজ


২৬ আগস্ট অনুষ্ঠিত বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনে ব্যালট গণনা ছাড়া ফল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। রিট আবেদনের পক্ষে ছিলেন আবেদনকারী আইনজীবী ইউনুস আলী আকন্দ। একই সঙ্গে, রিটকারী আইনজীবীকে কাউন্সিলের ট্রাইব্যুনালে যাওয়ার পরামর্শ দিয়েছেন আদালত। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূস আলী আকন্দ বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন। এর আগে রোববার সকালে রিটটি দায়ের করেন আইনজীবী ইউনূস আলী আকন্দ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বার কাউন্সিলের নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়। এতে ১৪টি পদের মধ্যে আওয়ামীপন্থী আইনজীবীদের সংগঠন আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) জিতেছে ১১টি পদে। বাকি তিনটি পদে জিতেছে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ।

রিট আবেদনের পর ইউনূস আলী আকন্দ সাংবাদিকদের জানান, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনারস ও বার কাউন্সিল অর্ডার-১৯৭২-এর বিধিমালার ১৫ (২) বিধি অনুসারে সারাদেশের সব কেন্দ্র থেকে ব্যালট পেপার আসার পর কাউন্সিলের চেয়ারম্যানকে সব ব্যালট গুনে ফল ঘোষণা করতে হয়। কিন্তু কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবার সে নিয়ম মানেননি। তিনি বিভিন্ন  কেন্দ্র থেকে আসা ফল ঘোষণা করেছেন। এর ফলে বিধি ভঙ্গ করা হয়েছে।

রাষ্ট্রপক্ষ আদালতে বলেন, বার কাউন্সিলের বিধিমালার ২২ ধারা অনুসারে নির্বাচন নিয়ে কেউ বিক্ষুব্ধ হলে কাউন্সিলের ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। কিন্তু আবেদনকারী ট্রাইব্যুনালে না গিয়ে হাইকোর্টে আসতে পারেন না। শুনানি শেষে আদালত আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন। ফোকাস বাংলা।