বাংলাদেশ-মার্কিন যুক্তরাষ্ট্র যৌথ নিরাপত্তা সংলাপ


নিরাপত্তা সংক্রান্ত চতুর্থ বাংলাদেশ-মার্কিন যুক্তরাষ্ট্র যৌথ সংলাপ অনুষ্ঠিত হবে আগামী ১১ সেপ্টেম্বর (শুক্রবার)। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মিজানুর রহমানের নেতৃত্বে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য এই সংলাপে অংশ নেবে ৬ সদস্য বিশিষ্ট বাংলাদেশের একটি প্রতিনিধিদল।


উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উল্লেখ্যযোগ্য অগ্রগতির ধারাবাহিকতায় বিগত ১৯ এপ্রিল ২০১২ তারিখ ঢাকায় প্রথম বারের মতো নিরাপত্তা সংক্রান্ত বিষয়াদিতে বাংলাদেশ-মার্কিন যুক্তরাষ্ট্র যৌথ সংলাপ অনুষ্ঠিত হয়। প্রথম যৌথ সংলাপে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর পালাক্রমে ঢাকা ও ওয়াশিংটনে এ সংলাপ আয়োজিত হয়ে আসছে। বিগত ২০১৩ সালে ওয়াশিংটনে এবং ২০১৪ সালে পুনরায় ঢাকায় যথাক্রমে ২য় এবং ৩য় যৌথ নিরাপত্তা সংক্রান্ত  সংলাপ অনুষ্ঠিত হয়।


মিজানুর রহমানের নেতৃত্বে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশন্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে ৬ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধিদল এ আলোচনায় অংশ নিতে শিগগিরই যুক্তরাষ্ট্র সফর করবেন। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেবেন সে দেশের রাজনৈতিক সামরিক ব্যুরোর প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিসটেন্ট সেক্রেটারি টড সি. চ্যাপম্যান।


সংলাপে আঞ্চলিক সহযোগিতা, প্রথাগত ও অ-প্রথাগত নিরাপত্তাসহ সন্ত্রাসবাদ-বিরোধিতা, সামরিক সহযোগিতা, দুর্যোগ ব্যবস্থাপনা, সাইবার নিরাপত্তা ও জাতিসংঘে শান্তিরক্ষা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে যার মাধ্যমে উভয় দেশের মাঝে পারষ্পারিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা যাচ্ছে। প্রেস রিলিজ।