শাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক ফোরামের শিক্ষকরা। ঘোষণাকৃত নতুন কর্মসূচি হিসাবে কাল ৯ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রতীকী অনশন এবং ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন বলে জানান ফোরামের আহ্বায়ক অধ্যাপক সৈয়দ সামসুল আলম।
শাবি উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়ার অপসারণ দাবিতে মঙ্গলবার সন্ধ্যার পর বৈঠক করে তারা এ কর্মসূচির ঘোষণা দেন।
শাবির স্থাপত্য বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ও গণজাগরণ মঞ্চের কর্মী শাহরিয়ার মজুমদারের অকাল মৃত্যুতে মঙ্গলবার আন্দোলন স্থগিত রেখে শোক র্যালি পালন করেন তারা।
এর আগে উপচার্যের অপসারণ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে ১ সেপ্টেম্বর মঙ্গলবার কালো ব্যাজ ধারণ করে র্যালি-সমাবেশ এবং ২ সেপ্টেম্বর বুধবার কর্মবিরতী ও র্যালি-সমাবেশ করেন এ ফোরামের শিক্ষকরা। এর আগে ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপাচার্য ভবনের সামনে প্রতীকি অনশন পালন করেন আন্দোলনরত শিক্ষকরা।
গত ২৪ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় থেকে ১১ নির্দেশনাসহ একটি চিঠি আসায় ৩০ আগস্ট সকাল ১০টায় বোর্ড অব অ্যাডভান্সড স্টাডিস ও বিকেল ৩ টায় একাডেমিক কাউন্সিলের সভা ডাকেন উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়া।
ঐ দিন উপাচার্যের অপসারণ দাবিতে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক ফোরামের শিক্ষকরা উপাচার্য ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে গেলে ছাত্রলীগ তাদের উপর হামলা করে ব্যানার কেড়ে নেয় এবং শিক্ষকদের লাঞ্চিত ও আহত করে বলে অভিযোগ করেন ফোরামের শিক্ষকরা। এরই ধারাবাহিকতায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ ফোরামের শিক্ষকরা।