ক্রিকেট কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানের একটি ব্লেজারের দাম উঠেছে এক লাখ ৩২ হাজার অস্ট্রেলিয় ডলার। অস্ট্রেলিয়ার হয়ে ক্যারিয়ারের প্রথম টেস্ট সিরিজে ব্র্যাডম্যানের ব্যবহূত ব্লেজারটি নিলামে গতকাল সোমবার এ দামে বিক্রি হয়েছে। অস্ট্রেলিয়ার স্থানীয় সংবাদমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে। ১৯৩৬-৩৭ সালে প্রথম অ্যাশেজ সিরিজে নিজ মাঠে ইংল্যান্ডের বিপক্ষে জয়ী অস্ট্রেলিয়া অধিনায়ক ব্র্যাডম্যান এ ব্লেজার পরে খেলেছিলেন।
নিলাম বিক্রেতা ম্যাক্স উইলিয়ামসন বলেন, ‘এই প্রথম আমরা নিলামের মাধ্যমে ব্লেজার বিক্রি করেছি। আমাদের প্রত্যাশা যা ছিলো, তার চেয়েও অনেক বেশি দামে বিক্রি হয়েছে ব্র্যাডম্যানের ব্লেজারটি।’ এর আগে ব্র্যাডম্যানের বিদায়ী টেস্টের ক্যাপ নিলামে বিক্রি হয়েছিলো। ২০০৮ সালে ঐ ক্যাপটি ৪ লক্ষ ২ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলারে বিক্রি হয়।