যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে আগামীকাল অনুষ্ঠেয় প্রীতিম্যাচে স্বাগতিকদের বিপক্ষে নেইমারকে শুরুর একাদশে রাখার ইঙ্গিত দিয়েছেন ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা। বাংলাদেশ সময় সকাল ছয়টা ৪০ মিনিটে শুরু হওয়া খেলাটির আগে দুঙ্গা বলেন, ‘আমরা নেইমারকে ব্যবহার করব। তাকে ব্যবহার করা হবে। একজন প্রতিযোগিতাপূর্ণ মানসিকতার খেলোয়াড় হিসেবে সে খেলতে চায়। তাই আমরা ঠিক সময়েই তাকে খেলাব।’
গত শনিবার কোস্টারিকার বিপক্ষে নেইমারকে খেলা শেষ হওয়ার মাত্র আট মিনিট আগে নামিয়েছিলেন ব্রাজিল কোচ। মাম্পস থেকে সুস্থ হয়ে চলতি সপ্তাহে অনুশীলনে ফেরা বার্সেলোনা তারকা ম্যাচ শেষে হতাশা প্রকাশ করেছিলেন দুঙ্গার এমন সিদ্ধান্তে।
কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের বিপক্ষে টাই-ব্রেকারে হেরে বিদায় নেয়ার পর প্রীতি ম্যাচগুলোতে দলকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষাতেই ব্যস্ত দুঙ্গা। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের মূলপর্বের টিকিট নিশ্চিত করতে বাছাইপর্বে অংশগ্রহণের পূর্বে আগামীকালকের ম্যাচটিই দলকে প্রস্তুত করে নেয়ার শেষ সুযোগ তার।
কোস্টারিকার বিপক্ষে ১০ মিনিটে গোল করে হাল্ক দলকে জয় এনে দিলেও ভক্তদের মন ভরাতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের খেলা। আজকের খেলায় তাই আক্রমণাত্মক ফুটবল খেলাই দেখতে চাইবেন তারা।
অবশ্য দলের পারফরম্যান্স নিয়ে দুঙ্গা বলেন, ‘আমাদেরকে উন্নতি করতে হবে। মাত্র তিন-চারদিন অনুশীলন করার পর স্বাভাবিকভাবেই আপনি ৯০ মিনিট যেটা চান সেটা হবে না। আমাদেরকে ধাপে-ধাপে আগাতে হবে।’
ব্রাজিলের বিপক্ষে সর্বশেষ দশবারের দেখায় আটটিতেই হেরেছে যুক্তরাষ্ট্র। জয় মাত্র একটিতে। তাও আবার প্রায় ১৭ বছর আগে। ১৯৯৮ সালে নিজেদের মাটিতে সেলেচাওদের ১-০ গোলে হারিয়েছিল তারা। তবে আগামী মাসে কনকাকাফের প্লে-অফে মেক্সিকোর মোকাবেলা করার আগে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচটিকে প্রস্তুতিমূলক হিসেবেই দেখছেন যুক্তরাষ্ট্রের কোচ ইয়ুর্গেন ক্লিন্সম্যান। তাই দলকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাবেন তিনিও।
আগের খেলায় পেরুকে হারিয়ে উজ্জীবিত যুক্তরাষ্ট্রের জার্মান কোচ জানান, ‘আমি চাই খেলোয়াড়রা ফলাফলের কথা চিন্তা না করে স্বাধীনভাবে খেলা চালিয়ে যাক। আগের ম্যাচে তারা প্রত্যেকেই ভালো খেলেছে। খেলোয়াড়রা খুবই উজ্জীবিত ছিল। মাঠের বাইরে ড্রেসিংরুম এমনকি দলে জায়গা পাওয়ার মতো প্রতিযোগিতাপূর্ণ বিষয়েও পরস্পরকে সহায়তা করছে। যা খুবই ইতিবাচক।’-গোল ডটকম