সাতক্ষীরার শ্যামনগরে পুলিশের সঙ্গে সংঘর্ষে মনসুর আলি নামের একজন ইয়াবা ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। তাকে পুলিশ পাহারায় সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার ভোরে শ্যামনগরের ইছাকুড় ইটভাটার কাছে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন দুই পুলিশ সদস্য।
গুলিবিদ্ধ মনসুর আলি ( ৪৫) শ্যামনগর উপজেলার চন্ডিপুর বাদোঘাটা গ্রামের হামিদ শেখের ছেলে। আহত পুলিশ সদস্যরা হলেন, এস আই আবদুল কাদের ও কনস্টেবল হাসানুজ্জামান। তারা শ্যামনগর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত ওসি এনামুল হক জানান, গোপন সূত্রে তিনি জানতে পারেন যে, একদল মাদক ব্যবসায়ী ইয়াবা পাচার করছে। এ সময় এস আই আবদুল কাদেরের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত সেখানে পৌঁছে যায়। এস আই কাদের জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা তাদের ওপর ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। পুলিশ এ সময় আত্মরক্ষার জন্য ৪-৫ রাউন্ড গুলি করে। তিনি জানান, এতে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়। অন্যরা দ্রুত পালিয়ে যায়। এ সময় তার কাছ থেকে ২৮পিস ইয়াবা ও গাঁজা আটক করা হয় ।
পুলিশ জানায়, মনসুর আলির বিরুদ্ধে শ্যামনগর থানায় মাদক সংক্রান্ত ১৮টি মামলা রয়েছে ।