ইমদাদুল হক মিলনের ৬০ তম জন্মদিন

আজ বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের ৬০ তম জন্মদিন। প্রায় দুই শতাধিক বইয়ের লেখক ১৯৫৫ সালের ৮ সেপ্টেম্বর বিক্রমপুরের মেদিনীমন্ডল গ্রামে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন।

গল্প, উপন্যাস এবং নাটক এই তিন শাখাতেই জনপ্রিয় রচনা উপহার দিয়েছেন এই ইমদাদুল হক মিলন। কিশোর বাংলা নামের শিশুতোষ পত্রিকায় দিয়ে সাহিত্যজগতে প্রবেশ করেন তিনি। ১৯৭৭ খৃস্টাব্দে সাপ্তাহিক বিচিত্রা পত্রিকায় 'সজনী' নামে একটি ছোট গল্প লিখে প্রথম সাধারণ পাঠকের কাছে পরিচিত হন তিনি।


ইমদাদুল হক মিলন লেখক হিসেবে এপার-ওপার দুই বাংলাতেই তুমুল জনপ্রিয়। দুই বাংলাতেই  তার 'নূরজাহান' উপন্যাসটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বর্তমানে তিনি দৈনিক কালের কন্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে কর্মরত আছেন।


তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় ২ শত। তার জনপ্রিয় বইগুলোর মধ্যে অধিবাস, পরাধীনতা, কালাকাল, বাঁকাজল, নিরন্নের কাল, পরবাস, কালোঘোড়া, মাটি ও মানুষের উপাখ্যান, পর, কেমন আছ, সবুজপাতা, জীবনপুর প্রভৃতি উল্লেখযোগ্য।


১৯৯২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন তিনি।