পিটারসেনকে বাদ দেওয়াটা অ্যাশেজ জিততে সহায়তা করেছে : স্ট্রস

কেভিন পিটারসেনকে দল থেকে বাদ দেওয়াটা ইংল্যান্ডের জন্য মঙ্গলজনক হয়েছে বলে মনে করেন ইংলিশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর অব ক্রিকেট অ্যান্ড্রু স্ট্রস। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-২ ব্যবধানে অ্যাশেজ সিরিজ জেতায় এই সিদ্ধান্ত সহায়তা করেছে বলে মনে করেন তিনি।


অ্যাশেজ শুরু হওয়ার আগে স্ট্রস বলেছিলেন কেভিন পিটারসেনকে আর জাতীয় দলে বিবেচনা করা হবে না। আর পরিষ্কার ভাবে এটা বলে দেয়াটাই দলের জন্য ভালো হয়েছে বলে মনে করেন তিনি। স্ট্রস বলেন, আমি মনে করি এটা তখন পরিষ্কার ভাবে বলে দেওয়ায় ভালো হয়েছে। ওই সময়ে মাঠের বাইরের ঘটনা মাঠের থেকে বেশি প্রভাব বিস্তার করছিলো। আমি চেষ্টা করছিলাম কে কোনো জায়গায় আছে সেই অবস্থানটা পরিষ্কার করা।


ক্রিকেটের তিন ফরম্যাটেই ইংল্যান্ডের সর্বোচ্চ রান স্কোরার ৩৫ বছর বয়সী পিটারসেনকে আর যে দলে নেওয়া হবে না সেটা ইঙ্গিত দিয়ে বলেন, আমার মনে হয় দল এখন এগিয়ে গিয়ে একটি ভালো অবস্থানে আছে। দলের কিছু তরুণ নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছে এবং ইংল্যান্ডকে এগিয়ে নিতে আমরা তাদের উপর নির্ভর করবো। বিবিসি