একাত্তরে মানবতা বিরোধী অপরাধ মামলায় যশোরের সাবেক সংসদ সদস্য সাখাওয়াত হোসেনসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলায় সম্পৃক্ততা না পাওয়ায় যশোরের আকরামসহ ৩ জনকে অব্যাহতি দেয়া হয়েছে।
মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
মামলার আসামিরা হলেন- মো. সাখাওয়াত হোসেন, বিল্লাল হোসেন, মো. আকরাম হোসেন, ওজিহার মোড়ল, মো. ইব্রাহিম হোসেন, শেখ মো. মজিবুর রহমান, মো. আব্দুল আজিজ সরদার, আজিজ সরদার, কাজী ওহিদুল ইসলাম, লুৎফর মোড়ল, আব্দুল খালেক মোড়ল ও মশিয়ার রহমান।
আসামিদের মধ্যে ওজিহার মোড়ল, মো. আকরাম হোসেন ও মশিয়ার রহমানকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি নয়জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে ৩০ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।