সানায় সৌদি জোটের অব্যাহত বিমান হামলা

 
সৌদি নেতৃত্বাধীন জোট মঙ্গলবার ইয়েমেনের রাজধানীতে বিদ্রোহীদের বিভিন্ন অবস্থানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। সানার সর্বত্র শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। গত শনিবার বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় ৬০ জন সেনা নিহত হওয়ার পর হামলা জোরদার করে জোট বাহিনী।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, বিমান হামলার লক্ষ্যস্থলের মধ্যে পুলিশ একাডেমি ও নিরাপত্তা বাহিনীর সদর দফতর রয়েছে। এ দু’টিই রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত। উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর মাস থেকে রাজধানী সানা শিয়া হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, সানায় হুতি নেতাদের বাসভবনে রাতভর হামলা চালানো হয়। গত শনিবার জোট বাহিনীর ৬০ সেনা সদস্য নিহত হওয়ার পর আরো কয়েক হাজার সেনা মোতায়েন করেছে জোট বাহিনী। খবরে বলা হয়, অতিরিক্ত এসব সৈন্য ইয়েমেনের তেল সমৃদ্ধ মারিব প্রদেশের রণাঙ্গনে মোতায়েন করা হয়েছে। এসব সৈন্যের বেশির ভাগই কাতার ও সৌদি আরব পাঠিয়েছে। সূত্র: এএফপি