দলের শীর্ষ নেতাকে জানিয়েই শপথ নিয়েছি: সুলতান মনসুর

দলের শীর্ষ নেতাকে জানিয়েই শপথ নিয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নেওয়া গণফোরাম নেতা সুলতান মোহাম্মদ মনসুর। বৃহস্পতিবার জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কার্যালয়ে শপথ বাক্য পাঠ করেন তিনি। শপথ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মনসুর।

গণফোরামের সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নেওয়ার কারণে কোনও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হলে কী করবেন জানতে চাইলে আওয়ামী লীগের এ সাবেক সাংগঠনিক সম্পাদক বলেন, সব কথার উত্তর দেব না। আমি ঐক্যফ্রন্টের প্রতিনিধি। জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধি হিসেবে আমি সিদ্ধান্ত নিয়েছি। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতার নলেজেই আমি এটা করেছি। দল হিসেবে তারা সিদ্ধান্ত নিতেই পারেন। তাদের সিদ্ধান্তের অপেক্ষায় থাকুন। আর আমার ভূমিকার অপেক্ষায় থাকেন।

সুলতান মোহাম্মদ মনসুর বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করে মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত হন। নির্বাচনের পর থেকেই শপথ নেওয়ার পক্ষে ছিলেন তিনি। 

আরো পড়ুন: নবাবপুরে টায়ারের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণের চেষ্টায় পাঁচ ইউনিট

ইত্তেফাক/জেডএইচ