আর্মি অ্যাক্ট পরিবর্তনের পরিকল্পনা নেই : আইনমন্ত্রী


আর্মি অ্যাক্টের বিচারে শাস্তির বিরুদ্ধে সিভিল আদালতে আপিল করা যায় না, সামরিক আদালতেই করতে হয়। 'আর্মি অ্যাক্ট, ১৯৫২’ পরিবর্তন করে সিভিল আদালতে আপিল করার সুযোগ সৃষ্টির কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তরকালে জাতীয় পার্টির সংসদ সদস্য মো. শওকত চৌধুরীর এক প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রী।

এ সময় তিনি আরও জানান অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের বিচারক নিয়োগ করে পৃথক কোনো ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনাও সরকারের নেই। দিদারুল আলমের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে বর্তমানে ১ হাজার ৫৭টি আইন রয়েছে।

নুরুন্নবী চৌধুরীর অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঢাকায় নতুন তিনটি সাব-রেজিস্ট্রি অফিস (ধানমন্ডি, পল্লবী ও শ্যামপুর) স্থাপনের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অল্প সময়ের মধ্যেই অফিস তিনটি স্থাপনের কার্যক্রম সম্পন্ন হবে। এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬ (২০০৬ সালের ৩৯ নং আইন) কে যুগোপযোগী করতে আইন মন্ত্রণালয় থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফোকাস বাংলা।