ওসমানীনগরে ডাকাত সর্দার সুহেল গ্রেফতার, স্থানীয়দের মাঝে স্বস্তি

অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনাকালে ডাকাতের হামলায় ওসমানীনগর থানার অফিসার ইনচার্জসহ সাত পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় ও অস্ত্র উদ্ধারের ঘটনায় থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

বুধবার রাতে ওসমানীনগর থানার এসআই মমিনুল ইসলাম পিপিএম বাদী হয়ে অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করেছেন। অপর এসল্ট মামলাটি দায়ের করেছেন ওসমানীনগর থানার এসআই সুজিত চক্রবর্তী। মামলায় কুখ্যাত ডাকাত সর্দার গ্রেফতারকৃত সুহেলসহ তার সহযোগিদের আসামি করা হয়েছে। এছাড়া ডাকাত সুহেলের বিরুদ্ধে ওসমানীনগর থানাসহ বিভিন্ন থানায় দায়েরকৃত ডাকাতি ও ছিনাতাইসহ বিভিন্ন ঘটনায় আরও প্রায় ২৪টি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার গ্রেফতারকৃত ডাকাতদের জেলহাজতে প্রেরণের জন্য থানা পুলিশ যাবতীয় প্রক্রিয়া শেষে মামলা সংক্রান্ত কাগজাদি আদালতে প্রেরণ করেছে। এদিকে কুখ্যাত ডাকাত সর্দার সুহেলকে গ্রেফতারের খবরে ডাকাত আতংকিত ওসমানীনগরের বাসিন্দারের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

সুহেলকে গ্রেফতার ও বিপুল পরিমান অস্ত্র উদ্ধারের ঘটনায় উপজেলার বিভিন্ন মহল পুলিশকে সাধুবাদ জানিয়েছে। বৃহস্পতিবার বিভিন্ন সমাজিক সংগঠনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করে এলাকাবাসী ডাকাত সর্দার সুহেলের সর্বোচ্ছ শাস্তির দাবি করেছে।

জানা যায়, গ্রেফতারকৃত ডাকাত সুহেলের তথ্য মতে বুধবার ভোরে উপজেলার তাজপুর ইউনিয়নের চর ইসবপুর এলাকায় অস্ত্র উদ্ধারকালে ডাকাতদের সঙ্গে থানা পুলিশের গোলাগুলির ঘটনা ঘটে। ডাকাতের হামলায় অভিযানে থাকায় ওসমানীনগর থানার অফিসার ইনচার্জসহ ৭ পুলিশ সদস্য আহত হন।

আহতরা হচ্ছেন, ওসমানীনগর থানার ওসি এসএম আল মামুন, এসআই সুজিত চক্রবর্ত্তী, মমিনুল ইসলাম পিপিএম ও সুপ্রাংশু দে দিলু, এএসআই ইয়াছির আরাফাত, কন্সটেবল জীবন ও জমির। গোলাগুলির সময় ডাকাত সুহেলও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। পুলিশ সদ্যসরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন এবং গুলিবিদ্ধ ডাকাত সুহেলকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আরও পড়ুনঃ সুন্দরগঞ্জে ৮ মাস থেকে এসিল্যান্ডের পদ শূন্য

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এসএম আল মামুন বলেন, ‘কুখ্যাত ডাকাত সুহেলের বিরুদ্ধে ডাকাতি ও চুরির ঘটনায় ৮ টি মামলা রয়েছে। তাকে সুকৌশলে ধরার পর অস্ত্র উদ্ধারে অভিযান চালালে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় পূর্ব থেকে ওত পেতে থাকা সংঘবব্ধ ডাকাতরা। তাদের হামলায় আমিসহ ৭পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় বুধবার সন্ধ্যায় ওসমানীনগর থানায় একটি অস্ত্র আইনে  (মামলা নং-০৪) ও অপরটি পুলিশ এসল্ট (মামলা নং-০৫) দায়ের করা হয়েছে।’

ইত্তেফাক/নূহু