জর্ডানের কাছে ০-৪ গোলে হারল বাংলাদেশ

 
বিশ্বকাপ ২০১৯ বাছাই পর্বে ‘বি’-গ্রুপের ম্যাচে সফরকারী জর্ডানের কাছে ০-৪ গোলে হার মেনেছে বাংলাদেশ। আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দুই অর্ধে ২টি করে গোল হজম করে স্বাগতিক দল।
 
এর আগে অস্ট্রেলিয়ায় স্বাগতিকদের কাছে ০-৫ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। ফলে বাছাই পর্বের প্রতিবন্ধকতা পেরুনোর পথ বলতে গেলে রুদ্ধই হয়ে গেছে বাংলাদেশের জন্য। 

ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়েছিল স্বাগতিক বাংলাদেশ। ১৩ মিনিটেই পাওয়া পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন আব্দুল্লাহ (১-০)। আতিকুর রহমান মিশু নিজেদের বক্সে বল ক্লিয়ার করতে গিয়ে হাত লাগালে পেনাল্টি পায় জর্ডান। ম্যাচের ৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মুনতার আবু আমারা (২-০)।
 
যদিও ম্যাচের ২৫ ও ৩১ মিনিটে সমতায় ফেরার দুটি সহজ সুযোগ হাতছাড়া হয় বাংলাদেশের। ২৫ মিনিটে মামুনুলের কর্নার ইয়াসিনের দারুণ হেডের বলটি ভাগ্য সহায় না করায় জালের দেখা পায়নি। আর ৩১ মিনিটে গোলরক্ষককে কাটিয়ে গোল করতে ব্যর্থ হয়েছেন জুয়েল রানা। ৩৭ মিনিটে মামুনুলের ফ্রি কিক সরাসরি গোল রক্ষকের হাতে চলে গেলে ব্যবধান কমানোর সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। ৪৩ মিনিটে ম্যাচের আরেকটি সহজ সুযোগ নষ্ট করেন জুয়েল রানা। দুই ডিফেন্ডারকে কাটিয়ে ও আগুয়ান গোলরক্ষককে বোকা বানিয়ে তার নেয়া শট অল্পের জন্য বাইরে চলে যায়। 
 
দ্বিতীয়ার্ধে বেশ সুসংঘটিত হয়েই খেলতে শুরু করে বাংলাদেশ। মাঝমাঠে মামুনুল ইসলাম ও জামাল ভুইয়ার কল্যাণে কয়েকটি আক্রমণও রচনা করে স্বাগতিকরা। ম্যাচের ৪৯ মিনিটে ইনজুরি আক্রান্ত হওয়ায় মাঠের বাইরে চলে যান নাসিরুল ইসলাম নাসির। ডান প্রান্তে তার জায়গায় নামানো হয় লিংকনকে। এর পরই স্বাগতিক দলের দৈন্য দশা ফিরে আসে। লিংকনের দুর্বলতায় ডান প্রান্ত দিয়ে আক্রমণে যায় জর্ডান। লিংকনের ভুলে ৫৭ মিনিটে তৃতীয় গোল হজম করে ক্রুইয়ের শিষ্যরা। ফাদিল হাসানের স্কয়ার পাসে গোল করেন আবদুল্লাহ দায়িব (৩-০)। এরপর কিছুটা দমে যায় বাংলাদেশের ডিফেন্ডাররা। ৫৯ মিনিটে চতুর্থ গোল হজম করে বাংলাদেশ। কোনো কিছু বুঝে উঠার আগেই লিটনকে বোকা বানান ইয়াসিন (৪-০)। 
 
ম্যাচের ৭৫ মিনিটে ডিফেন্ডার আতিকুর রহমান মিশুকে উঠিয়ে আবদুল বাতেন মজুমদার কোমলকে মাঠে নামালে ফের চাঙ্গা হয় স্বাগতিক দল। এ সময় আক্রমণের ধার বেড়ে যায় বাংলাদেশের। কোমলের কল্যাণেই ৮০ মিনিটে গোলের সুযোগ সৃষ্টি করে স্বাগতিকরা। কিন্তু ডান পা বার করতে গিয়ে সময় ক্ষেপণ করলে প্রথম দফায় তার নেয়া শটের বল ফিরিয়ে দেন জর্ডানের এক ডিফেন্ডার। ফিরতে বলে এমিলির শট অসাধারণ দৃঢ়তায় রক্ষা করেন গোলরক্ষক আমির শাফি। পরের মিনিটেই ফের প্রতি আক্রমণে যায় বাংলাদেশ। এ সময় জুয়েল রানা ও এমিলি প্রচেষ্টাও ব্যর্থ হলে গোলের আশা ত্যাগ করতে হয় স্বাগতিকদের।