দশম শ্রেণির বোর্ড পরীক্ষা চলাকালীন তিন সহপাঠীর পোশাক খুলিয়ে তল্লাশি করেছিলেন পরীক্ষা কেন্দ্রের পরিদর্শকরা। নিজের সঙ্গেও এমন ঘটনা ঘটার আতঙ্কে এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে ছত্তিসগড়ের জশপুরের পান্ডরপাঠ পরীক্ষাকেন্দ্রের পরিদর্শকদের বিরুদ্ধে।
জানা গেছে, চলতি মাসের ১ তারিখে বোর্ডের পরীক্ষা শুরুর আগে দুই ছাত্রী এবং এক ছাত্রকে আলাদা কক্ষে ডেকে নিয়ে নকল খুঁজতে তাদের পোশাক খুলিয়ে তল্লাশি করেন পরিদর্শকরা। এতে আতঙ্কিত হয়ে পড়েছিলো ১৬ বছরের ওই ছাত্রীসহ বাকি পরীক্ষার্থীরা।
নিহত ওই ছাত্রীর ভাই অভিযোগ করে বলেন, সেদিন বাড়ি ফিরেই সে বলেছিল, তার সঙ্গেও ওই ধরনের ঘটনা ঘটলে সে আত্মহত্যা করবে। সে সময় বোনকে শান্ত থাকতে এবং মন দিয়ে পরীক্ষা দিতে বলি। এরপরও তার বোনের আতঙ্ক কাটেনি। রবিবার বাড়ি থেকে উধাও হয়ে যায় সে। সোমবার সকালে বাড়ি পাশে জঙ্গলের একটি গাছে তার দেহ ঝুলতে দেখেন স্থানীয়রা। এরপরই পুলিশের কাছে ছাত্রীর পরিবার পরীক্ষকদের বিরুদ্ধে মামলা দায়ের করে।
আরো পড়ুন: স্টেডিয়ামে নিজের নামে স্ট্যান্ড উদ্বোধনের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ধোনি
পান্ডরপাঠ স্কুলের প্রধান শিক্ষকও অভিযোগে বলেছেন, ‘বোর্ডের পরীক্ষা শুরুর কিছু আগেই ফ্লাইং স্কোয়াডের পরিদর্শকরা স্কুলে ঢোকেন। ওই তিন ছাত্রছাত্রীর আচরণে সন্দেহ হওয়ায় তাদের অন্য কক্ষে নিয়ে যান। এরপর তল্লাশির জায়গা খুঁজতে গিয়ে স্কুলের বিভিন্ন কক্ষে ঢোকে দলটি। এর ফলে প্রায় দুই ঘণ্টা পরীক্ষার সময় নষ্ট হয়েছিল। যার জন্য চরম অসুবিধায় পড়তে হয়েছিল পরীক্ষার্থীদের।
পুলিশ তদন্তে নামলেও বুধবার রাত পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। জয়পুরের জেলাশাসক নীলেশ ক্ষীরসাগর বাকি ছাত্রছাত্রীদের আতঙ্কিত না হতে পরামর্শ দিয়ে পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন। তবে কোনো সুইসাইড নোট না মেলায় ছাত্রীর আত্মহত্যার কারণ স্পষ্ট নয় বলেই মনে করছেন জেলাশাসক।
ইত্তেফাক/বিএএফ