মানবতাবিরোধী অপরাধ মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপিল শুনানি আগামী ৩ নভেম্বর পর্যন্ত মুলতবি করেছেন সুপ্রিম কোর্ট।
বুধবার দুপুরে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ প্রথম দিনের শুনানি শেষে এ আদেশ দেন।
আদেশে উভয়পক্ষকে যুক্তিতর্কের লিখিত সারসংক্ষেপ আদালতে জমা দিতে বলা হয়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষে ট্রাইব্যুনালের রায়ের অংশ পাঠ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পরে নিজামীর পক্ষে ১ নম্বর অভিযোগের তিনজন সাক্ষীর জবানবন্দি আদালতে পড়ে শোনান অ্যাডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদীন তুহিন। এ ছাড়া নিজামীর পক্ষে অ্যাডভোকেট তাজুল ইসলাম ও শিশির মনির উপস্থিত ছিলেন।
এর আগে আসামিপক্ষের আইনজীবীরা ৬ সপ্তাহের জন্য শুনানি পেছানোর আবেদন করেন। তবে সেই আবেদন খারিজ করে দিয়ে শুনানি শুরুর নির্দেশ দেয় আপিল বিভাগ।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৯ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ নিজামীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে।