বাগেরহাটের শরণখোলার ছাত্রদলের সভাপতি বেল্লাল হোসেন মিলনকে গ্রেফতার করেছে পুলিশ। পটুয়াখালীর একটি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় বুধবার দুপুরে রায়েন্দা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বেল্লাল হোসেন মিলন ৩ বছর আগে সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে ঠিকাদারি কাজ নিয়ে পটুয়াখালীর গলাচিপায় আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ করেন। প্রকল্পের কাজ করার সময় ওই এলাকার হাজী এন্টারপ্রাইজ থেকে রড ও সিমেন্ট ক্রয় বাবদ দোকানের মালিক হাজী আ. মান্নানকে দশ লাখ টাকার যশোর ট্রাষ্ট ব্যাংকের একটি চেক দেন। কিন্তু ওই চেক নগদায়ন করতে গেলে অপর্যাপ্ত টাকার কারণে তা ডিজঅনার হয়। এ ঘটনায় হাজী আ. মান্নান ২০১৩ সালের ১৮ সেপ্টেম্বর লিগাল নোটিশ করে পটুয়াখালীর আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় চলতি বছরের ২৭ জুলাই পটুয়াখালীর যুগ্ম দায়রা জজ (ভারপ্রাপ্ত) প্রথম আদালতের বিচারক আবু জাফর মো. নোমান এনআইএ্যাক্টের ১৩৮ ধারায় বেল্লাল হোসেন মিলনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ত্রিশ লাখ টাকা জরিমানার রায় ঘোষণা করেন।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আ. রহমান জানান, সাজাপ্রাপ্ত হওয়ার পর মিলন পালাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সেই সূত্রে তাকে গ্রেফতার করা হয়েছে।