পুলিশ যে কোনো ধরনের ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য যথেষ্ট সক্ষম : আইজিপি

 

বাংলাদেশ পুলিশের আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘বাংলাদেশ পুলিশ যে কোনো ধরনের ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য যথেষ্ট সক্ষম। আপনারা দেখেছেন ২০১৩-১৪ সালে একটি গোষ্ঠী সারাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে আগুন সন্ত্রাসের মাধ্যমে। সে সময় আমরা অনেক পুলিশ সদস্যকে হারিয়েছি। ঠিক সে সময়ও আমরা অপতৎপরতা রুখে দিয়েছি।’

৭ মার্চ দুপুরে চাঁদপুর জেলা পুলিশ লাইনস্ ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ‘চেতনায় মুক্তিযুদ্ধ’ নামক মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্যে পুস্পস্তবক অর্পন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করবে এমন সাহস কেউ দেখাবে না। আমরা আশা করি এ ধরনের চিন্তা ভাবনা যদি কেউ করে, তা গুড়িয়ে দেওয়ার সক্ষমতা আমাদের রয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দর গোলাম ফারুক, চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, চট্টগ্রাম জোন পিআইবির পুলিশ সুপার ইকবাল হোসেন, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

আরও পড়ুনঃ নওগাঁয় চুরি হওয়া নয়টি মোটরসাইকেল উদ্ধার, আটক ১

পরে বিকাল ৩টায় আইজিপি চাঁদপুর জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

ইত্তেফাক/নূহু