ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর এলাকায় ধান বহন করা একটি নৌকা ডুবে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার ভোরে প্রায় ৯০০ মণ ধান নিয়ে নৌকাটি ডুবে যায়।
এ ঘটনা মৃত ব্যবসায়ী মো. সাইদুর রহমান (৪০) কিশোরগঞ্জের নিকলী উপজেলার জালালপুর গ্রামের আব্দুল গফুরে ছেলে। তিনি বিভিন্ন এলাকা থেকে ধান কিনে আশুগঞ্জ বাজারে বিক্রি করতেন বলে জানা গেছে। পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথ প্রচেষ্টায় ডুবে যাওয়া নৌকা ও নৌকার ভেতর থেকে মৃতের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।
জানা যায়, নৌকাটি মঙ্গলবার রাত সাড়ে ১১টায় আশুগঞ্জ সোনারামপুর এলাকার মেঘনা নদীতে নোঙ্গড় করে। রাতে খাবারের পর ব্যবসায়ী সাইদুর রহমান নৌকার ভেতরে এবং তার ভাই সমুর উদ্দিন, শ্রমিক ধনু মিয়া ও হুমায়ুন নৌকার ছাদের উপর বাক্সে ঘুমিয়ে পড়েন। সারারাত নৌকার ছিদ্র দিয়ে পানি উঠে ভোরে নৌকাটি ঘাটে তলিয়ে যায়। সকালে ছাদে থাকা লোকজন নিজেদের পানিতে দেখে ঘুম ভাঙে।
খবর পেয়ে পুলিশ ও আশুগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে ডুবন্ত নৌকার ভেতর থেকে ধান ব্যবসায়ী সাইদুরের লাশ উদ্বার করে। আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. তোফাজ্জেল হোসেন ও ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।