আলোচনায় বসে সমাধান করুন: শিক্ষকদের উদ্দেশে ১৪ দল

 
কর্মবিরতিতে গিয়ে শিক্ষাকার্যক্রমকে ব্যাহত না করে সরকারের সঙ্গে আলোচনায় বসে সমস্যা সমাধান করতে আন্দোলনরত শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছে ১৪ দল।
 
বুধবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
 
নাসিম বলেন, ‘শিক্ষকদের প্রতি আমাদের সহানুভূতি আছে। তারা সম্মানীয় এবং শ্রদ্ধেয়। আমরা তাদের আহ্বান জানাবো তারা যেন কর্মবিরতি করে শিক্ষাকার্যক্রমকে ব্যাহত না করে সরকারের সঙ্গে আলোচনায় বসে সমস্যা সমাধান করে।’
 
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম বলেন, ‘সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো হয়েছে, এজন্য আমরা সরকারকে অভিনন্দন জানাই। এ বিবেচনায় শিক্ষক সমাজের বেতনও বেড়েছে। কিন্তু তারা স্বতন্ত্র বেতন কাঠামো চেয়ে আন্দোলন করছেন। শিক্ষক সমাজ সম্মানিত। আমরা তাদের প্রতি আহ্বান জানাবো, কর্মবিরতি না করে, শিক্ষার পরিবেশ বজায় রেখে, সরকারের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করুন।’
খবর ফোকাস বাংলার।