রাজশাহীতে সিলিকন ভ্যালি হচ্ছে: শাহরিয়ার আলম

রাজশাহীতে ৩৭ একর জমির ওপর যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির আদলে নির্মিত হচ্ছে 'বরেন্দ্র সিলিকন ভ্যালি'। বুধবার সকালে স্থানীয় নানকিং বাজারে দেশের সর্ববৃহৎ ইন্টারনেট উৎসব ‘বাংলাদেশ ইন্টারনেট উইক ২০১৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং গ্রামীণফোনের আয়োজনে উৎসবে অংশ নেয় ই-কমার্স, ওয়েবপোর্টাল, মোবাইল অ্যাপ্লিকেশন ও সারাদেশের স্থানীয় মোবাইল ভিত্তিক উদ্যোগ। সব উদ্যোগ প্রচার ও প্রদর্শন করা হয়। দর্শনার্থীরা এসব সেবা গ্রহণের প্রক্রিয়া সরাসরি দেখতে ও জানতে পারেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বক্তব্য রাখেন বেসিসের সভাপতি শামীম আহসান, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এসএম আশরাফুল ইসলাম, গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন, বেসিসের সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ ইন্টারনেট উইক ২০১৫ এর আহ্বায়ক রাসেল টি. আহমেদ।

এছাড়া উপস্থিত ছিলেন বেসিসের সহ-সভাপতি এম রাশিদুল হাসান, মহাসচিব উত্তম কুমার পাল, যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমান সোহেল, কোষাধ্যক্ষ শাহ ইমরাউল কায়ীশ, পরিচালক ও বাংলাদেশ ইন্টারনেট উইক ২০১৫ এর সহ-আহ্বায়ক আশ্রাফ আবির, পরিচালক আরিফুল হাসান অপু, নির্বাহী পরিচালক সামি আহমেদ, গ্রামীণফোনের গ্রামীণফোনের ডিরেক্টর (স্টেকহোল্ডার রিলেশনস) ইশতিয়াক হুসেন চৌধুরী প্রমুখ।
IMG0
প্রধান অতিথি শাহরিয়ার আলম বলেন, বর্তমান সরকার ঢাকার পরেই রাজশাহীকে তথ্যপ্রযুক্তিতে গুরুত্ব দিয়ে আসছে। সিলিকন ভ্যালির আদলে রাজশাহীতে চালু হচ্ছে বরেন্দ্র সিলিকন ভ্যালি। এসবের ধারাবাহিকতায় বাংলাদেশ ইন্টারনেট উইক ২০১৫ উদযাপনে ঢাকার পরেই রাজশাহীতে বড় উৎসব আয়োজিত হচ্ছে। আশাকরি এর মাধ্যমে প্রযুক্তিবান্ধব রাজশাহীর জনগন ইন্টারনেটসহ প্রযুক্তির নানা সেবা সম্পর্কে আরও জানতে পারবে।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আমরা এ বছরের ডিসেম্বরের মধ্যে সকল উপজেলা পর্যায়ে দ্রুতগতির ইন্টারনেট পৌছে দেওয়ার কাজ করছি। এছাড়া ২০১৮ সালের মধ্যে ইউনিয়ন পর্যায় পর্যন্ত এই সেবা পৌছে দেওয়া হবে। বর্তমানে দেশে ইন্টারনেট গ্রাহকসংখ্যা ৫ কোটি ৭ লাখের অধিক। সরকারের আইসিটি ডিভিশন, বেসিস ও গ্রামীণফোন প্রতিবছর আরও ১ কোটি ইন্টারনেট গ্রাহক তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আর এই লক্ষ্য নিয়েই এই ইন্টারনেট উৎসব।

বেসিস সভাপতি শামীম আহসান বলেন, বিভাগীয় শহর রাজশাহীতে তথ্যপ্রযুক্তি অনেকাংশে এগিয়ে গেছে। আমরা প্রত্যাশা করি বিশ্বের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি সেবা ফেসবুক, গুগল, হোয়াটসঅ্যাপের মতো প্রতিষ্ঠান বা সেবা রাজশাহীতে তৈরি হবে। তৈরি হবে তথ্যপ্রযুক্তিতে দক্ষ বিপুল জনশক্তি। সেই লক্ষ্য নিয়ে রাজশাহীতে বাংলাদেশ ইন্টারনেট উইকের বড় আয়োজন করা হয়েছে। আশাকরি এর মাধ্যমে এখানকার তরুণরা উদ্বুদ্ধ হবে ও তথ্যপ্রযুক্তির সাথে তাদেরকে তাল মিলিয়ে নিবে।

গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন বলেন, দেশব্যাপি সবার কাছে ইন্টারনেটের প্রচার ও প্রসারে আমরা সম্প্রতি ইজিনেট নামে কাজ শুরু করেছি। বেসিস ও আইসিটি ডিভিশনের সঙ্গে যৌথভাবে বাংলাদেশ ইন্টারনেট উইক আয়োজন আমাদের এই কাজ আরও ত্বরান্বিত হয়েছে। আশাকরি দেশব্যাপি এই মেলার মাধ্যমে আমরা আমাদের লক্ষ্য পূরণে সমর্থ হব। 


এর আগে গত ৫ থেকে ৭ সেপ্টেম্বর রাজধানীর বনানী মাঠে বাংলাদেশ ইন্টারনেট উইক আয়োজন করা হয়। ৯ সেপ্টেম্বর রাজশাহীতে এই উৎসব পালনের পর ১১ সেপ্টেম্বর সিলেটের সিটি ইনডোর স্টেডিয়ামে এই উৎসব পালিত হবে।