নির্বাচনী প্রচারণায় উত্তপ্ত গ্রিস

 
গ্রিসের আগাম নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত হয়ে উঠছে নির্বাচনী প্রচারণা। এরই মধ্যে টেলিভিশনে প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে বিতর্ক শুরু হচ্ছে বুধবার। এই বিতর্ক নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রখবে বলে ধারণা বিশ্লেষকদের। খবর- এএফপি’র।
 
সাবেক বামপন্থী প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস ও রক্ষণশীল দলের ভ্যাঞ্জেলিস মিমারাকিসসহ সাত নেতা এই বিতর্কে অংশ নিচ্ছেন। ২০০৯ সালের পর দেশটির রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে এ প্রথমবারের মতো টেলিভিশন বিতর্ক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

গ্রিনিচ মান সময় সন্ধ্যা ৬টায় থেকে গ্রিসের রাষ্ট্রীয় টেলিভিশন ইআরটি বিতর্কটি সরাসরি সম্প্রচার করবে। নির্বাচনে মিমারাকিসের নিউ ডেমোক্র্যাসি পার্টির সঙ্গে সিরিজা পার্টির হাড্ডা-হাড্ডি লড়াই হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
 
ক্ষমতাসীন সিরিজা পার্টি থেকে বেশ কয়েকজন পার্লামেন্ট সদস্য দল থেকে বেরিয়ে গিয়ে পপুলার ইউনিটি নামে নতুন দলটি গঠন করেছে। সিপ্রাসের সরকার নির্বাচনী প্রতিশ্রুতি থেকে সরে আসছে এমন অভিযোগ পপুলার ইউনিটি নেতাদের।
 
বিতর্কে অংশ নেয়া নেতৃবৃন্দকে গ্রিসের অর্থনীতি, বেকারত্ব, স্বাস্থ্য, সামাজিক নীতি, অভিবাসন নীতি ও পররাষ্ট্র নীতি সম্পর্কে প্রশ্ন করা হবে।