জাতীয় সংসদে বুধবার গণকর্মচারী (বিদেশি নাগরিকের সহিত বিবাহ) বিল-২০১৫ উত্থাপন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিলটি উত্থাপন করেন।
রাষ্ট্রপতির অনুমতি ব্যতিত কোনো গণকর্মচারী বিদেশি নাগরিককে বিয়ে বা বিয়ে করার প্রতিশ্রুতি প্রদান করতে পারবেন না বলে বিলে প্রস্তাব করা হয়েছে। বিলে বলা হয়, অন্যকোন আইনে বা চাকরির শর্তাবলীতে যা কিছু থাকুক না কেন, কোনো গণকর্মচারী অনুমতি ছাড়া বিদেশি নাগরিককে বিয়ে করলে তাকে চাকরি থেকে অপসারণ করা যাবে।
বিলে পাবলিক সার্ভেন্টস (ম্যারেজ উইথ ফরেন ন্যাশনালস) অধ্যাদেশ ১৯৭৬ রহিত করারও প্রস্তাব করা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে ৬০ দিনের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য বিলটি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।
খবর বাসসের।