২ ফায়ারম্যানের বিরুদ্ধে ১০ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

চাকরী দেয়ার নাম করে কুষ্টিয়া সদর ফায়ার সার্ভিস অফিসের ফায়ারম্যান ফিরোজ ও মিরপুর ফায়ার সার্ভিস অফিসের ফায়ারম্যান রফিকের বিরুদ্ধে ১০ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।

নাম প্রকাশ না করার শর্তে ভুক্তভুগি কয়েকজন সুত্রে জানা যায়, অভিযুক্ত ফায়ারম্যানদ্বয় তাদের কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সে চুক্তিভিত্তিক ঝাড়ুদার, বাবুর্চি ও পিয়ন পদে চাকরী পাইয়ে দেবার কথা বলে। বিনিময়ে জনপ্রতি সর্বনিম্ন ৬০ হাজার টাকা থেকে শুরু লক্ষাধিক টাকা পর্যন্ত সর্বসাকুল্যে ১০ লক্ষাধিক টাকা নিয়েছে।
এরমধ্যে বাবুর্চি পদে একজন লক্ষাধিক টাকা উৎকোচ দিয়ে চাকুরী পেলেও বাকিরা প্রতারিত হয়েছেন। প্রতারিতরা টাকা ফেরত নেবার জন্য প্রায় প্রতিদিন কুষ্টিয়া ফায়ার সার্ভিস অফিসের অভিযুক্ত ফায়ারম্যান ফিরোজ ও মিরপুর ফায়ার সার্ভিস অফিসের রফিকের কাছে ধর্ণা দিচ্ছে।
 
এ ব্যাপারে কুষ্টিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অফিসের সহকারী পরিচালক নূর হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ফিরোজের  বিরুদ্ধে অভিযোগ ওঠার পর থেকেই মেডিক্যাল ছুটি দেখিয়ে দীর্ঘদিন অফিসে অনুপস্থিত রয়েছেন। মিরপুর ফায়ার সার্ভিস অফিসের রফিকের ব্যপারে আমি জানতাম না। উভয়ের ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।
 
অন্যদিকে মিরপুর ফায়ার সার্ভিস অফিসের ষ্টেশন অফিসার আলম হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এমন ঘটনার কথা তিনি শুনেছেন তবে কেউ এখনো লিখিত অভিযোগ করেনি।