খুলনায় মাছ কোম্পানির কর্মকর্তাকে গুলি করে হত্যা

 

খুলনায় ফারুক হোসেন মোল্লা (৪৫) নামে মাছ কোম্পানির এক কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার রাত ১০টার দিকে রূপসা উপজেলার রহিমনগর শেখ বাড়ী সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

 
নিহত ফারেুক হোসেন পূর্ব রূপসাস্থ ফ্রেশ ফুডস লিমিটেড নামক এক মৎস্য প্রক্রিয়াজাতকরণ কারখানায়  রিসিভ ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। তিনি রূপসা উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মনির হোসেনের বড় ভাই।
 
 
নিহতের স্বজনরা জানান, বুধবার রাত ১৯টার দিকে ফারুক হোসেন উপজেলার সিংহের চর এলাকায় তার বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি কাস্টমঘাট সংলগ্ন
 
স্থানীয় রহিম নগর শেখ বাড়ী এলাকায় গেলে  সন্ত্রাসীরা তার কাছে এসে মাথায় গুলি করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
 
 
খবর পেয়ে স্বজনরা তাৎক্ষণিকভাবে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক  তাকে মৃত ঘোষণা করেন। নিহত ফারুক হোসেন সিংহের চর এলাকার মৃত আব্দুল খালেক মোল্লার ছেলে। তবে কি কারণে কারা তাকে হত্যা করেছে স্বজনরা সে ব্যাপারে কোন তথ্য দিতে পারেননি।
 
এ ব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেসবাহ উদ্দিন রাত ১১টার দিকে বলেন, তিনি ঘটনা শুনেছেন। কিন্তু কোথায়, কারা বা কাকে হত্যা করা হয়েছে- সে বিষয়ে তিনি কোন তথ্য জানেন না বলে জানান।