নড়াইলের লোহাগড়ার গোপীনাথপুরে সওদাগরপাড়ায় জুলমাত খাঁ (১৪) নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার রাত সাড়ে ১০টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ সময় নিহতের ভাই জুঙ্গুকেও কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওবায়দুল (২৫) ও শিমুল মৃধা (২৭) কে আটক করেছে পুলিশ।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মেয়েলী ঘটনার জেরে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রতিবেশি রনি, সাহিদুল, ওবায়দুলসহ ৭-৮ জন সন্ত্রাসী সওদাগরপাড়ার ইকলাছ খাঁর ছেলে জুলমাত খাঁ (১৪) ও জুঙ্গুকে (১৬) কুপিয়ে জখম করে। আহত অবস্থায় তাদেরকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ১০টার দিকে জুলমাতের মৃত্যু হয়।
এলাকাবাসি সূত্রে জানা যায়, সম্প্রতি সওদাগরপাড়ার মকবুল হোসেন ও ইকলাছ খাঁর পরিবারের মধ্যে নারী ঘটিত কারণে ঝগড়া-বিবাদ হয়। এর জেরে জুলমাত ও জুঙ্গুর ওপর হামলা চালানো হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।'