রামপুরায় গৃহবধূকে গণধর্ষণ

রাজধানীর পূর্ব রামপুরায় এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন। ওই নারী বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনায় রামপুরা থানায় মামলা হলে ইমরান নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
 
গৃহবধূ জানান, সাত মাস আগে রংপুরের ইমরান নামে এক যুবকের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর শ্বশুরবাড়ির লোকজন তাকে মেনে নেয়নি। ফলে তিনি পূর্ব রামপুরায় ফুফুর বাসায় থাকতেন। বুধবার সকালে রংপুর থেকে তার স্বামীর আসার কথা ছিল। তিনি সকালে স্বামীকে আনতে বাসা থেকে বের হন। পূর্ব রামপুরার মোল্লা বাড়ি জামতলায় গেলে তিন যুবক তাকে জোরপূর্বক একটি ঘরে নিয়ে যায়। সেখানে তারা তাকে ধর্ষণ করে। দুপুরে ঘরের জানালা ভেঙে ওই নারী পালিয়ে আসেন। রাত সাড়ে ১২টায় ওই নারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
 
রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'বুধবার রাত ৮টায় রামপুরা থানায় ওই গৃহবধূ বাদি হয়ে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে রামপুরা থানা পুলিশ জামতলা বস্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত ইমরান হোসেনকে (২২) আটক করে।'