কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসের চাপায় অলিউল্লাহ (৪৩) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল পৌনে ৮টায় চৌদ্দগ্রামের নোয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা প্রায় আধা ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, অলিউল্লাহ স্থানীয় নোয়াবাজার এলাকার একটি কারখানার শ্রমিক ছিলেন। সকালে কারখানায় যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় চট্টগ্রামগামী গ্রীনলাইন পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। তিনি ঘটনাস্থলেই মারা যান। চৌদ্দগ্রাম উপজেলার পূর্ব কাশিপুর গ্রামের আবু তাহেরের ছেলে তিনি। মিয়াবাজার পুলিশ ফাঁড়ির এস আই নাজিম উদ্দিন সেল ফোনে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।